দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচণ্ড কালবৈশাখি ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখি ঝড়ের সঙ্গে তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ফেরি চলাচল বন্ধ হওয়ার সময় পাটুরিয়া প্রান্তে আটটি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সাধারণ যানবাহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
জে আই